ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি

লক্ষ্মীপুরে আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালতে হাজির করা আসামিদের শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় স্লোগান ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।ঘটনার বিষয়ে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, মঙ্গলবার বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর জন্য প্রিজনভ্যানে তোলা হচ্ছিল।এ সময় কয়েকজন আসামি ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন শাকিল পাটওয়ারী।তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক মিছিল করেন।আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়।শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।হুমকির অভিযোগের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।মহসিন কবির স্বপন বলেন, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ আইনজীবীদের হুমকি দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদেই আইনজীবীরা মিছিল করেছেন।তবে মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগের বিষয়ে তাঁর নিজের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পৃথক কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আদালতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্লোগান, আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি