ইসরায়েল-ইরান দুই পক্ষকেই কড়া বার্তা লেবাননের প্রেসিডেন্টের
লেবাননের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র নিয়ন্ত্রণের সুযোগ থাকা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।শনিবার (২১ নভেম্বর) লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৈরুতের উত্তরে দবায়েহ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট আউন।প্রেসিডেন্টের মতে, লেবাননের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় দুটি বাধা হলো দেশটির ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে বিদেশি হস্তক্ষেপ। এ দুটি সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় লেবানন এখনো স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে পারছে না।আউন বলেন, দেশের কিছু অঞ্চল এখনো দখলদারিত্বের অধীনে রয়েছে। সংঘাতের কারণে বাস্তুচ্যুত সবাই নিজ বাড়িতে ফিরতে পারেননি। এমনকি যুদ্ধ শুরু কিংবা শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও পুরোপুরি রাষ্ট্রের হাতে নেই। এসব বাস্তবতায় লেবাননের স্বাধীনতাকে সম্পূর্ণ বলা যায় না।ইসরায়েলের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, “লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে আসুন। আপনাদের হামলা বন্ধ করুন। আর আমাদের বন্দিদের তাদের ঘরে ফিরিয়ে দিন।”ইরানের প্রতিও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। তেহরানের উদ্দেশে আউন বলেন, “রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র রাখার সময় শেষ হয়ে গেছে।”ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সরকারি উদ্যোগের কথাও পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত কিংবা অন্য দেশের স্বার্থ রক্ষায় ব্যবহৃত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে না।লেবাননের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন ইসরায়েলের সঙ্গে দেশটির সংঘাত নিরসনের প্রচেষ্টা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলে লেবাননেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।ওই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার তথ্য পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।গত জুনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হয়। এর আওতায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহসহ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে।তবে যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলার ঘটনা অব্যাহত থাকায় সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।স্বাধীনতা দিবসের ভাষণে দীর্ঘ সংঘাতের পাশাপাশি লেবাননের অর্থনৈতিক সংকট নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট আউন। তিনি জানান, সাধারণ মানুষ এখনো ব্যাংকে জমা রাখা অর্থ তুলতে সমস্যায় পড়ছেন। কাজ ও উন্নত ভবিষ্যতের আশায় তরুণদের একটি অংশ দেশ ছাড়ছেন। অন্যদিকে বহু পরিবার আগামী দিনের অনিশ্চয়তা নিয়ে জীবন কাটাচ্ছে।এ পরিস্থিতিতে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন তিনি।দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি জাতীয় উদ্ধার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রেসিডেন্ট আউন। পরিকল্পনাটিতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ইরানের হস্তক্ষেপ বন্ধের বিষয়গুলোকে সমান্তরালভাবে মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।লেবাননের প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য একদিকে বিদেশি সেনা প্রত্যাহার, অন্যদিকে অস্ত্র ও নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত রাষ্ট্রের অধীনে আনাকে অপরিহার্য মনে করছে তাঁর সরকার।সূত্র: আরব নিউজ।