ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ সচল করতে ইরানকে আহ্বান যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়ার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির অবস্থা নিয়ে বিপরীতমুখী দাবি করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, প্রণালিটি এখনো উন্মুক্ত এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। তবে তেহরান জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌপথটি বন্ধ থাকবে। একই সঙ্গে হরমুজ প্রণালিকে নিরাপদ ও জাহাজ চলাচলের উপযোগী করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক নৌপথটির ওপর এককভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অধিকার ইরানের নেই।[BANGVIEWS-POST:1675]নতুন উত্তেজনার সূত্রপাত হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সিতে হামলার পর। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জাহাজটিতে হামলা চালিয়েছে। এতে ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন।ইরানের বিপ্লবী গার্ডের দাবি, নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় জাহাজটিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। ভবিষ্যতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের নির্ধারিত পথ অনুসরণ করতে হবে বলেও সতর্ক করেছে বাহিনী।জাহাজে হামলার জবাবে ইরানের ১৪০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানি সক্ষমতা দুর্বল করতেই নতুন দফার অভিযান শুরু করা হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, কৌশলগত কেশম দ্বীপ লক্ষ্য করে শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্বীপটিতে ইরানের বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে।[BANGVIEWS-POST:1672] এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।গত ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতায় হরমুজ প্রণালি পুনরায় চালু এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় ওই সমঝোতার ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তায় পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চুক্তি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক হামলার কারণে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। সূত্র: রয়টার্স

হরমুজ সচল করতে ইরানকে আহ্বান যুক্তরাষ্ট্রের