ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পদত্যাগ করছেন ইশরাক, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মাদকবিরোধী অভিযান ও অস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগসংক্রান্ত বিতর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, রাজনীতিতে নতুন উদ্যমে নামা ইশরাক হোসেনের উদ্দেশ্য সৎ ও মাদকমুক্ত সমাজ গড়ার পক্ষে থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা এবং প্রশাসনিক সমন্বয়হীনতার কারণেই তিনি রাজনৈতিক ফাঁদে আটকা পড়েছেন।সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মূল ব্যর্থতা ও জবাবদিহিতা স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি প্রশ্ন তুলে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে কেন গেল যে ইশরাক হোসেনকে সরাসরি অভিযান চালাতে হলো কিংবা ঝুঁকির মুখে পড়তে হলো? মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনিক দুর্বলতার দায়ভার অন্য একজনের ওপর গিয়ে পড়ছে এবং মাঝখান দিয়ে ইশরাক হোসেন একটি রাজনৈতিক ফাঁদে পড়ে গেছেন।একই সঙ্গে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেন এই এনসিপি নেতা। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সব নাগরিক ও সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ও শান্তিতে নেই। বিগত তিন-চার মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলেও দেশের বিভিন্ন স্থানে মণ্ডপ ও উপাসনালয় ভাঙচুরের অপ্রীতিকর ঘটনা স্পষ্ট হয়ে ওঠে, যা সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই প্রমাণ করে।এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক গরু জবাইকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কিত ইস্যুটি তুলে ধরে মুসলিম সমাজের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এমন কোনো আচরণ বা উসকানিমূলক কাজ করা উচিত নয় যাতে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা মনে আঘাত, কষ্ট বা ক্ষোভ অনুভব করেন। এই সতর্কবার্তা দেওয়ার কারণে তাঁকে যেন ‘শাহবাগী হিন্দুদের নতুন সংস্করণ’ হিসেবে ট্যাগ দেওয়া না হয়—এমন মন্তব্য করে তিনি বলেন, উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় রাখতে হবে এবং ভুল-বোঝাবুঝির অবসানে প্রয়োজনে পরস্পরের সঙ্গে খোলামেলা সংলাপে বসা উচিত।

পদত্যাগ করছেন ইশরাক, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী