ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রথম প্রধান সাবিনে লাউবার

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) মিশনপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবিনে ম্যাগডালেনা লাউবার। তিনি বাংলাদেশে সংস্থাটির প্রথম মিশনপ্রধান। নতুন দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন তিনি।রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র জমা দেন সাবিনে লাউবার। এ সময় তাঁকে স্বাগত জানান হুমায়ুন কবির এবং নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।বৈঠকে মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গণতন্ত্রকে আরও কার্যকর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে।এসব লক্ষ্য অর্জনে আইন ও প্রতিষ্ঠানগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান হুমায়ুন কবির।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।বৈঠকে জাতিসংঘের বিশেষ পদ্ধতির ম্যান্ডেটধারীদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়টি উঠে আসে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের মানবাধিকার মিশনকে সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনকালে মিশনপ্রধান সাবিনে লাউবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।জবাবে বাংলাদেশ সরকারের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতার প্রশংসা করেন সাবিনে লাউবার। তিনি জানান, মানবাধিকার সুরক্ষা ও প্রসার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ওএইচসিএইচআর।বাংলাদেশে দায়িত্ব পালনকালে নিজের অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম সম্পর্কেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন নতুন মিশনপ্রধান। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, আলোচনা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে সংস্থাটির মিশন প্রতিষ্ঠা করা হয়।সাবিনে ম্যাগডালেনা লাউবার সেই মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের প্রথম প্রধান সাবিনে লাউবার