ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, স্বাধীন তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ ঘিরে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতাকর্মীরা এসব দাবিতে স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে নির্বাচন ঘিরে অনিয়ম, অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।নির্বাচন কমিশনের দুই সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার ও ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার পদত্যাগপত্রে উত্থাপিত অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।সংগঠনটির অভিযোগের মধ্যে রয়েছে ভোটার তালিকায় ত্রুটি, ডোপ টেস্ট নিয়ে সমস্যা, অমোচনীয় কালির দাগ উঠে যাওয়ায় জাল ভোটের আশঙ্কা, অতিরিক্ত ব্যালট সরবরাহ, ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল, ব্যালট ছাপানো, ব্যালট বাক্স পরিবহন ও সংরক্ষণ এবং ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা।এ ছাড়া নির্ধারিত সময়ের পর ভোট গ্রহণ, ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনা, ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর ফল প্রকাশ এবং পাঁচটি প্যানেলের নির্বাচন বর্জনের বিষয়গুলোও তদন্তের দাবি জানানো হয়েছে।ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, নির্বাচন-পরবর্তী তদন্ত কমিটিতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে আগের তদন্ত কমিটির কার্যক্রম পুনর্মূল্যায়ন করে স্বাধীন ও নিরপেক্ষ একটি কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।একই সঙ্গে জাকসু নির্বাচনের বাজেট ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং নির্বাচনী দায়িত্ব পালনের সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর সঙ্গে প্রশাসনিক অব্যবস্থাপনার কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।ছাত্র ইউনিয়নের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নির্বাচনের অনিয়ম ও অভিযোগের স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত, পদত্যাগকারী নির্বাচন কমিশন সদস্যদের উত্থাপিত অভিযোগ তদন্তের আওতায় আনা এবং তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ শিক্ষার্থীদের সামনে প্রকাশের দাবিও জানিয়েছে সংগঠনটি।তদন্ত দ্রুত শেষ করে নতুন জাকসু নির্বাচনের তফসিল ঘোষণারও দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, স্বাধীন তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের