ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা

কক্সবাজারের উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম দেন তিনি। এর দুই দিন পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন সন্তানের। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।বুধবার (২৫ নভেম্বর) সকালে উখিয়ার ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। হাসপাতালটির চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় চার সন্তানের জন্ম হওয়ায় পুরো প্রসবপ্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। চার সন্তানের মা হওয়া ওই নারীর নাম জেসমিন বিবি (২৬)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী।হাসপাতাল সূত্রে জানা গেছে, জেসমিন বিবি তৃতীয়বারের মতো অন্তঃসত্ত্বা হন। গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে চারটি শিশুর উপস্থিতি শনাক্ত করা হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে গত ১৩ নভেম্বর রাতে তাঁকে উখিয়ার পানবাজার বালুখালী এলাকায় অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম ছেলেসন্তানের জন্ম দেন জেসমিন। তবে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী ছিল না।এ অবস্থায় মা ও অনাগত শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আরও তিন নবজাতকের জন্ম হয়। এদের মধ্যে একজন ছেলে এবং দুজন মেয়ে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রসবপ্রক্রিয়ায় চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত বিশেষ চিকিৎসা দল দায়িত্ব পালন করে। চার নবজাতক নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় রাখা হয়েছে।ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় চার সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি ছিল। বিশেষ করে প্রথম সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেওয়ার পর বাকি তিন শিশুর প্রসবের জন্য অস্ত্রোপচার করতে হওয়ায় চিকিৎসকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে।তিনি জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রসব সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপও চার সন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, চিকিৎসক, নার্স ও ধাত্রীরা নবজাতকদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি কাজ করছে। সাধারণত গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জন্ম নেওয়া শিশুকে অপরিণত নবজাতক হিসেবে বিবেচনা করা হয়। জেসমিন বিবির চার সন্তান জন্ম নিয়েছে মাত্র ২৯ সপ্তাহে। ফলে তাদের শ্বাসপ্রশ্বাস, শরীরের তাপমাত্রা, পুষ্টি গ্রহণ এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর বিশেষ নজর রাখা প্রয়োজন।বিরল এই প্রসবের ঘটনায় চিকিৎসকদের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরেও আলোচনা তৈরি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো মা ও চার নবজাতককে পুরোপুরি ঝুঁকিমুক্ত ঘোষণা করেনি।

দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা