ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

পাবনার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংক কার্যালয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার দোগাছি বাজারে এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান।তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে ব্যাংক কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এরপর অফিসের থাইগ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।এ সময় কার্যালয়ের ভেতরে দায়িত্ব পালন করছিলেন নৈশপ্রহরী আব্দুল ওহাব। আগুন দেখে তিনি চিৎকার শুরু করলে ভবনের মালিক, ব্যাংকের কর্মী এবং আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, আগুন লাগলেও কার্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র নষ্ট হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।এদিকে ঘটনার খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহল দল। পরদিন সকালেও পুলিশের আরেকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।তবে হামলাকারীদের পরিচয়, হামলার উদ্দেশ্য কিংবা স্থানীয়দের দাবি করা স্লোগানের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন