ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন বৈষম্য কমাতে গ্রামীণ অবকাঠামো খাতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যেও গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্পের সংখ্যা বেশি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, দেশের সব অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, সময় ও প্রয়োজনের সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন আসে। কোনো সময়ে সড়ক যোগাযোগব্যবস্থা বেশি গুরুত্ব পায়, আবার কখনো মেট্রোরেল কিংবা পানি ব্যবস্থাপনার মতো প্রকল্প অগ্রাধিকার পায়।একইভাবে বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।তিনি উল্লেখ করেন, বুধবারের একনেক বৈঠকে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প তুলনামূলক বেশি রয়েছে।সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে সংশোধিত এডিপিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত আরও বেশি প্রকল্প অন্তর্ভুক্তির জন্য আসতে পারে।সরকারের লক্ষ্য অনুযায়ী, উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন অঞ্চলের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে এগোনোর কথা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার