আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণে জামায়াতের তীব্র নিন্দা
রাজধানীর মগবাজার এলাকায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ অক্টোবর) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজধানীর ব্যস্ততম এলাকায় একজন জনপ্রিয় ও প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর গাড়ি নিশানা করে প্রকাশ্যে এমন গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ জননিরাপত্তা, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দেয়।তিনি উল্লেখ করেন, দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের সাংবিধানিক ও মৌলিক দায়িত্ব। আইন প্রয়োগকারী সংস্থাকে এ জাতীয় সহিংস অপরাধ দমনে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।একই সঙ্গে জামায়াতের এই নেতা অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।