নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, পুড়ল সরকারি নথিপত্র
নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দাপ্তরিক কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র পুড়ে গেছে। আগুনে পাশের আরও দুটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে জেলা ও উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দোতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তীব্রতায় ইউএনওর দাপ্তরিক কক্ষের আসবাবপত্র, বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র পুড়ে যায়। কক্ষের দেয়ালের পলেস্তারাও খসে পড়ে। একই সঙ্গে পাশের দুটি কক্ষে আগুনের প্রভাব পড়ে।খালিয়াজুরীতে স্থানীয়ভাবে ফায়ার সার্ভিসের কার্যকর স্টেশন না থাকায় প্রথমে কার্যালয়ের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন পুরোপুরি নেভায়।মদন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জমিয়ত আলী জানান, খবর পাওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু খালিয়াজুরীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ফেরিতে ধনু নদ পার হতে হয়। এতে ঘটনাস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগে।তিনি বলেন, আগুনে ইউএনওর দাপ্তরিক কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কারণ বলা সম্ভব নয়।খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, ভোরে নিরাপত্তাকর্মীরা তাঁর কক্ষে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে তিনি বাসা থেকে দ্রুত কার্যালয়ে গিয়ে আগুন জ্বলতে দেখেন।ইউএনও বলেন, দোতলায় ওঠার প্রবেশপথের ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভবনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক পর্যবেক্ষণে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।এ ঘটনায় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রধান করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ভবনের ফটকগুলো বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।তিনি বলেন, আগুনে কত টাকার সম্পদ ও কী পরিমাণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।অন্যদিকে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটেছে, সে বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হবে।অগ্নিকাণ্ডে সরকারি নথিপত্র ও দাপ্তরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।