চলতি বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।খাদ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য মজুত স্থিতিশীল রাখতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ধান-চাল সংগ্রহের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চাল ও গম আমদানিও অব্যাহত রেখেছে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকার খাদ্য সংগ্রহ কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে।[BANGVIEWS-POST:1502]তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ইসরায়েল সংঘাত-পরবর্তী পরিস্থিতিতেও দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান-চাল সংগ্রহের পরিমাণ বাড়ানো হয়েছে।মো. আব্দুল বারী জানান, চলতি বোরো মৌসুমে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য রয়েছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল রয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, গত আমন মৌসুমে প্রাথমিকভাবে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে খাদ্য নিরাপত্তা মজুত বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হয়েছে।তিনি বলেন, ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি ও জলবায়ু-সংক্রান্ত তথ্য সমন্বয় করে একটি মাল্টি-সেক্টোরাল ফুড সিকিউরিটি রিস্ক মডেলিং ফ্রেমওয়ার্ক চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একমত হলে এ ধরনের সমন্বিত ব্যবস্থা চালু করা সম্ভব হবে।