সরকারি সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন-খাদেম
চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার ধর্মীয় সেবকের তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। অবশিষ্ট প্রায় ৪৬ হাজার ব্যক্তিকে আগামী ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জন্য নির্ধারিত ২ লাখ ৫৬ হাজার সুবিধাভোগীর মধ্যে অধিকাংশের তথ্য ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি থাকা প্রায় ৪৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।তিনি জানান, যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরও পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনা হবে। তালিকাভুক্তির পর সংশ্লিষ্ট ব্যক্তিরা চলতি অর্থবছরের শুরু, অর্থাৎ গত জুলাই থেকে বকেয়াসহ সরকারি সম্মানী পাবেন।সরকারি সম্মানী কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ সুবিধা শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। পর্যায়ক্রমে মন্দিরসহ দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী সেবকদেরও সরকারি সম্মানীর আওতায় আনা হবে।আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা সম্প্রসারণ করতে চায় সরকার।এ সময় মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বীকৃতি ও সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়েও কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে আরও বেশি সুযোগ পান, সে লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত বিষয়গুলো নিয়েও কাজ চলছে।মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, মাদ্রাসা শিক্ষা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে প্রয়োজনীয় মতামত ও সহযোগিতা দেওয়া হবে।