ক্রিট উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।গ্রিক কোস্টগার্ডের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌযান দুটির অবস্থান শনাক্ত করে। পরে গ্রিক কোস্টগার্ড সেখানে গিয়ে অভিবাসীদের উদ্ধার করে।উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ ও সুদানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। তবে উদ্ধার হওয়া বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।[BANGVIEWS-POST:4500]প্রথমে গ্রিসের সরকারি সংবাদ সংস্থা উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৮৫ বলে জানিয়েছিল। পরে দেশটির কোস্টগার্ড প্রকৃত সংখ্যা ৭৯ বলে নিশ্চিত করে।সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অন্যতম পথ হয়ে উঠেছে গ্রিসের ক্রিট ও কাছের গাভদোস দ্বীপ। গাভদোস লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে হওয়ায় উত্তর আফ্রিকা থেকে আসা অনেক অভিবাসী এই পথ ব্যবহার করছেন।গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আগের ১২ মাসে দেশটিতে প্রায় ৬১ হাজার অভিবাসী প্রবেশ করেছিলেন। পরবর্তী ১২ মাসে তা কমে প্রায় ৪২ হাজারে নেমে এসেছে। অর্থাৎ এক বছরে অভিবাসী আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।[BANGVIEWS-POST:4498]ইউরোপে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সাম্প্রতিক বছরগুলোতে কঠোর অবস্থান নিয়েছে গ্রিসসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। একই সঙ্গে লিবিয়ার মতো অভিবাসীদের যাত্রাপথে থাকা দেশগুলোর সঙ্গে সহযোগিতাও বাড়ানো হচ্ছে।গ্রিসের অভিবাসনমন্ত্রী থানস প্লেভরিস ইউরোপীয় ইউনিয়নের বাইরে অভিবাসীদের আবেদন ও প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনার জন্য কেন্দ্র স্থাপনের পক্ষেও অবস্থান নিয়েছেন। এ বিষয়ে জার্মানিসহ ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।সূত্র: টাইমস অব মাল্টা