তৃণমূল ছেড়ে এবার বিজেপির রাজ্যসভা প্রার্থী কোয়েল মল্লিক
পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হয়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক। রোববার (৪ অক্টোবর) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের আসনটির জন্য তার নাম ঘোষণা করেছে। চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হয়েছিলেন কোয়েল। ৬ এপ্রিল তিনি শপথ নেন। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে শূন্য হওয়া পশ্চিমবঙ্গের ওই রাজ্যসভা আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে এবার সেই আসনেই প্রার্থী করেছে বিজেপি। ফলে কয়েক মাসের ব্যবধানে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় ফেরার সুযোগ তৈরি হয়েছে তার। প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি সাইকোলজিতে বিএসসি সম্পন্ন করেছেন। ২০১৩ সালে নিষপাল সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়।সূত্র : হিন্দুস্তান টাইমস