কৈলাশ থেকে ফেরার পথে বন্যার কবলে তীর্থযাত্রী দল, নিখোঁজ ৮০
তিব্বতের কৈলাশ পর্বতে তীর্থযাত্রা শেষে ফেরার পথে নেপাল-চীন সীমান্তের গ্যিরং বা কিরং এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে ইশা ফাউন্ডেশনের একটি তীর্থযাত্রী দল। সংগঠনটির তথ্য অনুযায়ী, ৭৭ তীর্থযাত্রী এবং তাদের সঙ্গে থাকা আরও তিন সহযোগী বা স্বেচ্ছাসেবকসহ মোট ৮০ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।নিখোঁজদের মধ্যে অন্তত ২২ জন মার্কিন নাগরিক রয়েছেন। এ ছাড়া দলটিতে কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১১ জন, যুক্তরাজ্যের ৯ জন এবং জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, স্পেনসহ আরও কয়েকটি দেশের নাগরিক ছিলেন। ইশা ফাউন্ডেশনও নিশ্চিত করেছে, তাদের ওই তীর্থযাত্রী দলের ২২ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।ইশা ফাউন্ডেশনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কৈলাশ যাত্রা শেষ করে দলটি নেপালে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। গ্যিরং সীমান্তের ইমিগ্রেশন কেন্দ্রে অবস্থানের সময় হঠাৎ প্রবল পানি, কাদা ও ধ্বংসাবশেষের স্রোত ওই এলাকা গ্রাস করে। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।[BANGVIEWS-POST:4587]ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জগ্গি বাসুদেব জানিয়েছেন, তিনি দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং টেলিযোগাযোগ ব্যবস্থা অচল থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। একটি ছোট দল নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি যাওয়ার অনুমতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।বন্যায় সীমান্তের ইমিগ্রেশন ভবনসহ আশপাশের বিভিন্ন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওই ইমিগ্রেশন কেন্দ্রে থাকা ৭৭ সদস্যের একটি তীর্থযাত্রী দল বন্যার কবলে পড়ে। তাদের মধ্যে ২২ জন মার্কিন নাগরিক ছিলেন।নেপালের পর্যটন বোর্ডের হিসাবে, দেশটিতে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫০০-এর বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রের নাগরিক। ফলে ইশা ফাউন্ডেশনের দলের বাইরেও আরও মার্কিন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না।[BANGVIEWS-POST:4586]এদিকে ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা জোরদার হচ্ছে। জাতিসংঘ জরুরি ত্রাণ কার্যক্রমের জন্য ২০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা দুর্গত এলাকায় পৌঁছেছেন এবং প্রায় ১০ হাজার মানুষের তিন মাসের প্রয়োজন মেটানোর মতো জরুরি চিকিৎসাসামগ্রী, তাঁবু ও অন্যান্য সহায়তা নিয়ে কাজ করছেন।নেপাল ও তিব্বত সীমান্তের এই দুর্যোগে শত শত বিদেশি পর্যটক ও কৈলাশ মানস সরোবরগামী তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। পাহাড়ি সড়ক ধ্বংস এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় অনেকের অবস্থান নিশ্চিত করতে সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সূত্র: সিএনএন