ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভোরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি ইরানের, নিহত ১

ইরানের কেশম দ্বীপের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে দেওয়া তথ্যে কেশমের গভর্নর আমির তেইমুরি জানান, স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে হেংগাম দ্বীপ ও কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলসংলগ্ন এলাকায় জাহাজটিতে হামলা হয়।তেইমুরি এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তবে জাহাজটির নাম, হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন কিংবা কেন সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এর আগে শনিবার কেশম দ্বীপের উপকূলে সমুদ্রের দিক থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর দেয় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। তবে ওই বিস্ফোরণের সঙ্গে জাহাজে হামলার অভিযোগের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের বরাতে পৃথক এক খবরে বলা হয়েছে, রোববার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।কেশমের কাছে হামলার অভিযোগ এবং হরমুজে জাহাজ আক্রান্ত হওয়ার খবর একই ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সেটিও স্পষ্ট নয়।

ভোরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি ইরানের, নিহত ১