ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি মাস।রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভা শেষে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।সভায় দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। এ সময় কৃষি গুচ্ছের বিদ্যমান ভর্তি পদ্ধতির বিভিন্ন জটিলতা এবং সেগুলো নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়।ইউজিসি জানিয়েছে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলোর সব আসনে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু ও শেষ করা।ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।সভায় উপাচার্যরা জানান, প্রতিবছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি এবং বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শেষ করতে প্রায় চার মাস সময় লাগে।এ কারণে অনেক বিশ্ববিদ্যালয়ে আসন পূরণে জটিলতা দেখা দেয়। একই সঙ্গে নির্ধারিত সময়ে শিক্ষা কার্যক্রম শুরু করাও কঠিন হয়ে পড়ে।এ অবস্থায় ভর্তি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণাভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান।অধ্যাপক মামুন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন এবং পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। শুধু সমস্যা চিহ্নিত করলেই চলবে না, কার্যকর সমাধানের পথও বের করতে হবে।এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি। গবেষণার জন্য আলাদা অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগে ইউজিসি সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শুধু কিউ-১ ও কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের দিকে মনোযোগ সীমাবদ্ধ না রেখে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণা পরিচালনা করতে হবে।সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আসলাম হোসেন, সচিব মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা