ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪৮ থেকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব পেয়েছেন বলে দাবি আমির হামজার

প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার বেশি অর্থ পাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সম্প্রতি রাতে এক ব্যক্তি তাঁর কাছে এসে অর্থের প্রলোভন দেখিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম এবং দালালচক্রের উপস্থিতির অভিযোগ তুলেছেন এই সংসদ সদস্য।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে আমির হামজা বলেন, ‘সেদিন রাতের বেলা একজন এসেছিল সন্ত্রাসী টাইপের। বলছে–আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন। আমি হিসাব করে দেখলাম প্রায় ৪৮ থেকে ৫০ কোটির ওপরে টাকা আসবে। এই রকম বিশাল ব্যাপার আমার সামনে।’তাঁর বক্তব্য অনুযায়ী, কুষ্টিয়া সদর এলাকায় এমন আরও ৩৩টি জায়গা বা খাত রয়েছে, যেখানে অর্থনৈতিক প্রলোভনের সুযোগ রয়েছে। তবে এসব খাতের বিস্তারিত পরিচয় কিংবা প্রস্তাব দেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি।অর্থের প্রলোভনের মুখেও নিজের ইমান ও এখলাস বজায় রাখতে সবার কাছে দোয়া চান এই সংসদ সদস্য।অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন আমির হামজা।তাঁর অভিযোগ, মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে বিপুল অর্থসম্পদ জড়িত থাকলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার প্রত্যাশিত সুফল পাচ্ছে না।মৎস্য খাতের একটি আর্থিক হিসাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেখলাম ৩০ হাজার ডলার যায় মাছ ধরার জন্য। সর্বোচ্চ ডলারের হিসাব দেখলাম ৮ হাজার ডলারের নিবন্ধন আছে, বাকি ২২ হাজার ডলারের নিবন্ধন নেই। এই টাকাগুলো সরকার পাচ্ছে না।’সংশ্লিষ্ট খাতের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে দালালচক্র সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কোন কার্যক্রমের নিবন্ধনের কথা বলেছেন কিংবা হিসাবটি কোন সময়ের, তা তাঁর বক্তব্যে স্পষ্ট করা হয়নি।এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান ও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের নেতাকর্মী এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

৪৮ থেকে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব পেয়েছেন বলে দাবি আমির হামজার