শেখ হাসিনার ফেরার গুঞ্জনে কুমিল্লা সীমান্তে বাড়তি সতর্কতা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরসহ সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে দিন-রাত টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে বিবির বাজার স্থলবন্দরসহ কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিকেলে বিবির বাজার স্থলবন্দর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে আয়োজিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল ও অবস্থান কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন।মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। এমন আশঙ্কা থেকেই তারা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন।তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিবির বাজার স্থলবন্দরসহ কুমিল্লার গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় পাহারা দেওয়া হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।এদিকে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবির ১০ ব্যাটালিয়ন। সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন স্থানে সার্চলাইট ব্যবহার করে টহল পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে।সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই কুমিল্লা সীমান্তে এই বাড়তি নিরাপত্তা তৎপরতা শুরু হয়েছে। তবে তিনি কিংবা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা বিবির বাজার সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করেছেন, এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির কারণে বিবির বাজার স্থলবন্দরসহ আশপাশের সীমান্ত এলাকায় রাজনৈতিক তৎপরতাও বেড়েছে।