ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

কুমিল্লা মেডিকেলে রোগীর টাকা ও ওষুধের হিসাবে গরমিল, দুদকের অভিযান

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কাছ থেকে পরীক্ষা বাবদ অতিরিক্ত টাকা আদায়, সরকারি ওষুধের মজুতে গরমিল এবং কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষ করে ইসিজি পরীক্ষার জন্য প্রতিদিন আসা রোগীর সংখ্যা ও সরকারি রেজিস্টারে লিপিবদ্ধ হিসাবের মধ্যে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালটিতে অভিযান চালিয়ে এসব তথ্য পায় দুদকের একটি দল। সংস্থাটির প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। তাঁর সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।দুদক সূত্রে জানা গেছে, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি রেজিস্টার, রসিদ বই এবং ওষুধের মজুতসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হয়।অভিযানে সবচেয়ে বড় অসংগতি ধরা পড়ে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইসিজি পরীক্ষার হিসাবে। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি পরীক্ষা করাতে আসেন। অথচ সরকারি রেজিস্টারে নিয়মিত মাত্র ৪০ থেকে ৪৫ জনের তথ্য পাওয়া যায়।অভিযোগ রয়েছে, ইসিজির দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান রোগীদের কাছ থেকে প্রতিটি পরীক্ষার জন্য ৮০ টাকা নিলেও নিয়ম অনুযায়ী রসিদ দিতেন না। পরিবর্তে ছোট সাদা কাগজে টোকেন দিয়ে টাকার হিসাব রাখা হতো।পরে দিন শেষে সীমিতসংখ্যক রোগীর নাম সরকারি রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হতো বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। ফলে বাকি রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব সরকারি নথিতে পাওয়া যায়নি।এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রসিদ বই উদ্ধার করেন কর্মকর্তারা। ইসিজি রিপোর্ট, রেজিস্টার ও রসিদ বইয়ের তথ্য মিলিয়েও অসংগতি শনাক্ত হয়।শুধু ইসিজি নয়, হাসপাতালের ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার ক্ষেত্রেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। দুদকের তথ্য অনুযায়ী, সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা হলেও রোগীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছিল।অভিযানকালে কর্মকর্তারা জানতে পারেন, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দেওয়া রোগীদের দ্রুত পরীক্ষা করা হচ্ছিল। অন্যদিকে অন্য রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হতো। এসব অভিযোগের বিষয়ে কয়েকজন রোগীর বক্তব্যও সংগ্রহ করেছে দুদক।হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্রের হিসাবেও গরমিল পাওয়া গেছে। বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের রেজিস্টারে মন্টিলুকাস্ট ওষুধের ২৬ হাজার ৬০০ পাতা থাকার তথ্য থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ হিসাবের তুলনায় এক হাজার পাতা কম পাওয়া গেছে।কেন্দ্রীয় ওষুধের স্টোরেও একই ধরনের অসংগতি শনাক্ত হয়। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধ গণনা করে দেখা যায়, একটি ওষুধের ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও দুটি কোম্পানির মোট ১৭ হাজার ৬০৯টি পাওয়া গেছে। এতে হিসাব অনুযায়ী ৬ হাজার ৬৫৬টির পার্থক্য দেখা যায়।এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। অর্থাৎ এক হাজার একটি ইনজেকশনের ঘাটতি শনাক্ত হয়েছে।দুদকের কর্মকর্তারা আরও দেখতে পান, স্টোরে থাকা কয়েক ধরনের ওষুধ ও ইনজেকশনের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে শনাক্ত করার সিল বা প্রয়োজনীয় চিহ্ন ছিল না। এতে সরকারি ওষুধ সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায়ও অস্বাভাবিক মূল্য দেখানোর তথ্য পাওয়া গেছে। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান যাচাই করে বাজারমূল্যের সঙ্গে বড় পার্থক্য পান কর্মকর্তারা।দুদকের তথ্য অনুযায়ী, বাজারে ৬০ টাকার সাবান কেনা হয়েছে ৮৯ টাকায়। ১৪০ টাকার টয়লেট ক্লিনারের দাম দেখানো হয়েছে ২৪৯ টাকা এবং ২০০ টাকার ফিনাইল কেনা হয়েছে ৩৯৯ টাকায়।একইভাবে ২৫ টাকার টয়লেট টিস্যুর দাম ধরা হয়েছে ৬৯ টাকা এবং ১০০ টাকার হ্যান্ডওয়াশ কেনা হয়েছে ১৯০ টাকায়। ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা ও পানির জগসহ আরও কয়েকটি পণ্যের ক্ষেত্রেও বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখানোর তথ্য পাওয়া গেছে।দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে কিছু পণ্যের ক্রয়মূল্য বাজারদরের প্রায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত পাওয়া গেছে। এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় কিংবা আত্মসাতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।অভিযান শেষে দুদক জানায়, অভিযোগগুলো যাচাই করতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেসব নথি জমা দেওয়ার জন্য সময় নিয়েছেন।প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর তদন্তের ফলাফলের ভিত্তিতে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

কুমিল্লা মেডিকেলে রোগীর টাকা ও ওষুধের হিসাবে গরমিল, দুদকের অভিযান