আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই শিশু। বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন কয়েকজন শিক্ষার্থী।শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রাদেশিক রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দার সের এলাকায় এ ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের পাশে থাকা একটি বিস্ফোরক সংরক্ষণাগার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। ওই স্থানে খননকাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখা হতো। অসতর্কতার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্যবিষয়ক পরিচালক সামি উল হক বায়ান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরক সংরক্ষণে অবহেলা থেকেই দুর্ঘটনাটি ঘটার আশঙ্কা রয়েছে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, বিস্ফোরণের সময় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত ছিল। আকস্মিক বিস্ফোরণে বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপ, ভাঙা কাচ ও দেয়ালের টুকরা ছড়িয়ে থাকতে দেখা যায়। শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে ছিল ধুলায় ঢাকা শিশুদের স্কুলব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ।স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণের অভিঘাতে কেউ ভাঙা কাচের আঘাতে আহত হয়, আবার কেউ দেয়াল ও ছাদের ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে।স্কুলের পাশের বাড়িতে বসবাসকারী নূর রহমান জানান, বিকট শব্দ শুনেই তিনি ঘটনাস্থলের দিকে ছুটে যান। ধুলায় চারপাশ ঢেকে যাওয়ায় প্রথমে পরিস্থিতি বোঝা কঠিন হয়ে পড়ে।ওই স্কুলে তাঁর পরিবারের শিশুরাও পড়াশোনা করত। একটি শ্রেণিকক্ষ থেকে চিৎকার ও কান্নার শব্দ শুনে তিনি সেখানে প্রবেশ করেন। ধ্বংসস্তূপের মধ্যে নিজের ভাগনির হাত দেখতে পেয়ে ইট সরিয়ে তাকে উদ্ধার করেন। পরে অন্য আহতদের বের করে আনতেও সহায়তা করেন তিনি।বিস্ফোরণে আহত ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হাজি সুলাইমানও ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন।তিনি জানান, বিস্ফোরণের পর চারদিকে কাঠের টুকরা ও মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে থাকতে দেখেন। স্কুলে গিয়ে দেখতে পান, কয়েকটি শিশু প্রাণ হারিয়েছে। অনেক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।বিস্ফোরণে ভবনের ছাদ ও দেয়ালের বড় অংশ ভেঙে পড়ে। আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।সংস্থাটি জানিয়েছে, কুনার প্রদেশের একটি স্কুলের কাছে বিস্ফোরণে বহু শিশুর প্রাণহানি ও আহত হওয়ার খবরে তারা গভীরভাবে মর্মাহত। আহত শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর প্রয়োজন নির্ধারণে সহযোগিতা করছে ইউনিসেফ।বিস্ফোরণের কারণ নিয়ে প্রাথমিকভাবে বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলার কথা বলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।আফগানিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে বিস্ফোরণের ঘটনা এর আগেও ঘটেছে। গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল প্রাঙ্গণে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।কুনারের সর্বশেষ ঘটনায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বিস্ফোরক সংরক্ষণ এবং শিশুদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আহতদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস