ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। সোমবার (২২ জুন) লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।স্টারমার বলেন, দুই বছর আগে এই সড়ক ধরে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ছিল তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরা ব্রিটেনের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছিল বলেও উল্লেখ করেন তিনি।তবে এখন দলকে নতুন নেতৃত্বের হাতে এগিয়ে দেওয়ার সময় এসেছে বলে জানান স্টারমার। তার ভাষায়, লেবার পার্টির সংসদীয় সদস্যরা মনে করছেন, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে নতুন কাউকে প্রয়োজন। তিনি সেই সিদ্ধান্ত সম্মানের সঙ্গে মেনে নিয়েছেন।স্টারমার বলেন, ছয় বছর আগে তিনি যখন লেবার পার্টির দায়িত্ব নেন, তখন দলটি রাজনৈতিক, আর্থিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এরপর দলকে পুনর্গঠন করে ১৪ বছর পর আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে সক্ষম হন তিনি।বিদায়ী বক্তব্যে নিজের সরকারের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন স্টারমার। এর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় অপেক্ষমাণ রোগীর সংখ্যা কমানো, শ্রমিক ও ভাড়াটিয়াদের অধিকার সম্প্রসারণ, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং দারিদ্র্য কমাতে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।তিনি জানান, লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আগামী ৯ জুলাই থেকে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। প্রতিদ্বন্দ্বিতা হলে গ্রীষ্মকালীন বিরতির আগেই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা দায়িত্ব নিতে পারেন।স্টারমার তার উত্তরসূরিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, নতুন নেতৃত্ব এমন একটি ব্রিটেনের দায়িত্ব নেবে, যা দুই বছর আগের তুলনায় আরও শক্তিশালী ও ন্যায়ভিত্তিক অবস্থানে রয়েছে।বক্তব্যের শেষ দিকে স্ত্রী ভিক্টোরিয়া ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান স্টারমার। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান বলেও জানান তিনি।নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত কিয়ের স্টারমার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।সূত্র: রয়টার্স

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার