ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দীর্ঘ বিরতির পর ফিরেই ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। বল হাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার।চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের মধ্য দিয়ে ইংল্যান্ড দলে ফেরেন রবিনসন। প্রত্যাবর্তনের ম্যাচেই দুই ইনিংসে ৫ ও ২ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের ছয় ইনিংসে তুলে নেন ২১ উইকেট।চার টেস্টে তার এমন পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয় লর্ডসে আয়োজিত ‘ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিসের নামে দেওয়া ট্রফিটি ওঠে রবিনসনের হাতে।পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই পেসার। তিনি বলেন, ‘এই পুরস্কার পাওয়াটা অনেক বড় সম্মানের। দীর্ঘ সময় ইংল্যান্ড দলের বাইরে থাকার পর ফিরে এসে এবারের গ্রীষ্মে যে পারফরমেন্স দেখাতে পেরেছি, তা আমার কাছে বিশেষ কিছু।’নিজের প্রত্যাবর্তনের পথ যে সহজ ছিল না, সেটিও তুলে ধরেন রবিনসন। তিনি আরও বলেন, ‘এই যাত্রাপথে কিছু কঠিন মুহূর্তও ছিল, এ কারণে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্ব আরও বেড়ে যায়। ইংল্যান্ডের হয়ে আবারও খেলতে পারাটা দারুণ উপভোগ করেছি এবং আশা করি সামনে আরও অনেক কিছু অর্জন করার সুযোগ পাবো।’২০২১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল রবিনসনের। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলার পর জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ বিরতির কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে দুই বছর চার মাস পর ২০২৬ সালের জুনে আবারও ইংল্যান্ড দলে জায়গা করে নেন।এদিকে বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মিডলসেক্সের পেসার নাভিয়া শর্মা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৩৫ উইকেট নেওয়ার পাশাপাশি মিডলসেক্সের ওয়ানডে কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। বর্তমানে ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন তিনি।

দীর্ঘ বিরতির পর ফিরেই ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন