বাংলাদেশে মানবিক ও চিকিৎসা কার্যক্রম বাড়াতে আগ্রহী এমএসএফ
বাংলাদেশে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডসাঁ সাঁ ফ্রতিয়ের (এমএসএফ)। প্রয়োজন অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশে এমএসএফের চলমান মানবিক কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, সংকটকালীন চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।[BANGVIEWS-POST:4120]হুমায়ুন কবির বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য এমএসএফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগ, বাস্তুচ্যুতি ও বিভিন্ন মানবিক সংকটের সময়ে মানুষের জীবন রক্ষা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ।আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সংকটকালীন সময়ে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।বৈঠকে এমএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে। একই সঙ্গে মানবিক স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েও আলোচনা করে।এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম জানান, বাংলাদেশে সংস্থাটির মানবিক ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।বৈঠকে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সহায়তা বাড়ানো, সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা হয়।বৈঠকে এমএসএফের বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের আঞ্চলিক মানবিক বিষয়ক প্রধান আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকের শেষে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফের কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।