ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শ্রমিক লীগ কর্মীকে চড় মারলেন এনসিপি নেত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের এক কর্মীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক তানিয়া আমিন। ঘটনার পরপরই খোরশেদ আলম নামের ওই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার দিন মঙ্গলবার রাতে তানিয়া আমিন তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে ও বক্তব্যে তানিয়া আমিন অভিযোগ করেন, খোরশেদ আলম দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আপত্তিকর পোস্ট ও নোংরা মন্তব্যের মাধ্যমে তাঁকে এবং নারীনেত্রীদের হয়রানি করে আসছেন।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খোরশেদ আলম একটি লন্ড্রি দোকানের ভেতরে দাঁড়িয়ে আছেন। এ সময় তানিয়া আমিনসহ চার-পাঁচজন সেখানে প্রবেশ করেন এবং তানিয়া আমিন ক্ষুব্ধ হয়ে খোরশেদ আলমকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এ সময় তাঁকে বলতে শোনা যায়, “তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য...? তোর মা-বোন আছে?” আশপাশের উপস্থিত লোকজন তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে তানিয়া আমিনকে আরও বলতে শোনা যায়, “আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়... মেয়েদের মনে করে সব সময় দুর্বল।”ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উপস্থিত এক পুলিশ সদস্যকে তানিয়া আমিন জানান, তিনি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে খোরশেদ আলম অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেন।এ বিষয়ে তানিয়া আমিনের ব্যক্তিগত বক্তব্য পাওয়া না গেলেও এনসিপির চট্টগ্রাম নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মিডিয়া সেলের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি বিভিন্ন সময়ে এনসিপি এবং জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশ ও মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ও হেয়প্রতিপন্ন করে আসছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন, যার প্রমাণ তাঁর মোবাইল ফোনে পাওয়া গেছে। এছাড়া এনসিপির নেতাকর্মী, বিশেষ করে নারীনেত্রীদের নিয়ে তিনি ফেসবুকে আপত্তিকর পোস্ট করেছেন। এর প্রতিবাদে তারা দোকানে জড়ো হন।” ওসি আরও জানান, পূর্বের অভিযোগের ভিত্তিতে পুলিশ অনেক দিন ধরেই তাঁকে খুঁজছিল। ঘটনাস্থল থেকে আটক করার পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে খোরশেদ আলমকে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শ্রমিক লীগ কর্মীকে চড় মারলেন এনসিপি নেত্রী