এমপি গাজী নজরুলের আসন শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি!
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের কারাবন্দি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে দ্রুত উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) থেকে আগামী রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০৮টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি পালিত হবে। অন্যদিকে, এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জামায়াতে ইসলামী জানিয়েছে, গাজী নজরুল ইসলামকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন (ইসি) বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে।এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেয় সচেতন নাগরিক সমাজ। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান। ওই সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা জামায়াতে ইসলামী।সচেতন নাগরিক সমাজের লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, টেকসই বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে একজন সক্রিয় জনপ্রতিনিধি জরুরি। গাজী নজরুলকে জামায়াত বহিষ্কার করলেও শ্যামনগরের মানুষের প্রতি দলটির দায়বদ্ধতা শেষ হয়ে যায় না উল্লেখ করে আসনটির সাংবিধানিক ও আইনগত জটিলতা দ্রুত নিষ্পত্তি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের দাবি জানানো হয়। আয়োজকেরা জানান, ১৩ থেকে ১৫ নভেম্বর ১০৮টি ওয়ার্ড থেকে সংগৃহীত গণস্বাক্ষর যুক্ত করে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।অন্যদিকে, উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলনে আমির মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও দল থেকে বহিষ্কার করা হয়েছে; তিনি বর্তমানে দলের কেউ নন। একজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।তিনি আরও জানান, সংসদ সদস্য পদসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে। ফলে দল কোনো উদ্যোগ নেয়নি—এমন অভিযোগ সঠিক নয়। তবে সংসদ সদস্যপদ বহাল থাকা বা শূন্য ঘোষণার সিদ্ধান্ত সম্পূর্ণ সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে মাওলানা আবদুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী এবং আদালতের চূড়ান্ত রায়ের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করার পক্ষে নয়। পাশাপাশি নাগরিক সমাজের গণতান্ত্রিক কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শ্যামনগরের মানুষের সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো জামায়াতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ; তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সংগঠনকে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।