আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড
জামিন প্রক্রিয়া দ্রুত, সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি মামলার জট কমানোর লক্ষ্যে দেশের আরও ১২টি জেলায় চালু হয়েছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।নতুন করে ই-বেইল বন্ডের আওতায় আসা জেলাগুলো হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল এই ব্যবস্থার মাধ্যমে জামিনসংক্রান্ত প্রক্রিয়ায় বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে। দ্রুততম সময়ে জামিনের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সম্ভব হবে।তিনি বলেন, সরকার এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় হয়রানির মুখে পড়তে হবে না। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।[BANGVIEWS-POST:3653]মামলা নিষ্পত্তির গতি বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। যেসব জেলা মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ভালো ফল করবে, তাদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।দীর্ঘদিন মামলা চলার কারণে বিচারপ্রার্থীদের ভোগান্তির পাশাপাশি রাষ্ট্রেরও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয় বলে উল্লেখ করেন মো. আসাদুজ্জামান। এ কারণে বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।আইনমন্ত্রী আরও বলেন, জামিনে মুক্তির পর কোনো কোনো আসামির পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটে। তাই জামিন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সামগ্রিক বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার দিকেও নজর দেওয়া হচ্ছে।ই-বেইল বন্ড ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে জামিনের আদেশ বাস্তবায়নে সময় কমানো এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।