ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মদিনায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা

হরমুজ প্রণালি এড়িয়ে অপরিশোধিত তেল পরিবহনে সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে হামলার বিষয়টি জানিয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর আলজাজিরার।প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ এই পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় সৌদি আরবের জন্য বিকল্প পথে তেল সরবরাহের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বর্তমানে এই পাইপলাইনের মাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠানো হচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান এই পরিমাণ।ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কঠোরভাবে সীমিত রয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব বিকল্প এই পাইপলাইন দিয়ে তেল পরিবহনের পরিমাণ বাড়িয়েছে।এদিকে সৌদি আরব ও দেশটির সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাতও তীব্র হচ্ছে। অতীতেও সৌদি আরবের তেল অবকাঠামোতে একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তেল শোধনাগার ও সংরক্ষণাগারও ছিল তাদের হামলার লক্ষ্যবস্তু।চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি কয়েক দফা হামলার শিকার হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ড্রোন হামলার কারণে কয়েক দিনের জন্য পাইপলাইনটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল।নতুন এই হামলার ঘটনায় পাইপলাইনের কার্যক্রম ব্যাহত না হলেও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।সূত্র : রয়টার্স

মদিনায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা