ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গাজার আরও ১০ লাখ মানুষকে সরানোর হুমকি ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরও ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। হামাস স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করলে ইসরায়েলি সামরিক বাহিনী জোরপূর্বক সংগঠনটিকে নিরস্ত্র করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজার বিপুলসংখ্যক বাসিন্দাকে নতুন করে স্থানান্তরের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন।কাৎজ জানান, হামাসের সামনে দুটি পথ রয়েছে। সংগঠনটি হয় স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করবে, নয়তো ইসরায়েলি সামরিক বাহিনী অভিযান চালিয়ে তাদের নিরস্ত্র করবে। এ পরিস্থিতিতে গাজার আরও ১০ লাখ মানুষকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন সময়ে সামনে এসেছে, যখন গাজায় যুদ্ধ ও শান্তিচুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।এর আগে গত জুলাইয়ে হামাস জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলকেও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ইসরায়েল চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে হামাসও সংশ্লিষ্ট শর্তগুলো বাস্তবায়ন করবে না বলে জানায় সংগঠনটি।হামাসের উত্থাপিত শর্তগুলোর মধ্যে রয়েছে গাজার বেসামরিক জনগণের ওপর সামরিক হামলা বন্ধ করা এবং উপত্যকায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা।এদিকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও প্রাণঘাতী হামলার খবর অব্যাহত রয়েছে। উপত্যকাটিতে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় পণ্য এবং মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগও রয়েছে।এমন পরিস্থিতিতে আরও ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার হুমকি গাজার বেসামরিক জনগণের নিরাপত্তা ও সম্ভাব্য বাস্তুচ্যুতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।সূত্র : এএফপি

গাজার আরও ১০ লাখ মানুষকে সরানোর হুমকি ইসরায়েলের