ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জনের আত্মহত্যা
গাজায় দীর্ঘ যুদ্ধের প্রভাবের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন কর্মরত সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর এক বছরে কর্মরত সামরিক সদস্যদের আত্মহত্যার এটিই সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়া আরও ১৭ জনের আত্মহত্যার তথ্য সামনে এসেছে।সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে অংশ নেওয়ার পর সামরিক বাহিনী ছেড়ে দেওয়া সদস্যদের মধ্যেও আত্মহত্যার ঘটনা ঘটছে। কর্মরত ও অব্যাহতিপ্রাপ্ত মিলিয়ে চলতি বছর অন্তত ৪০ জন সামরিক সদস্যের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। হারেৎসের উদ্ধৃত সামরিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের ৭৩ জন কর্মরত সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ২০২৩ সালের শেষ তিন মাসে সাতজন, ২০২৪ সালে ২১ জন, ২০২৫ সালে ২২ জন এবং চলতি বছর ২৩ জন রয়েছেন।তবে এই হিসাবে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করা সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে যুদ্ধের পর সামরিক সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের তুলনায় বেশি হতে পারে।শুধু সেনাবাহিনী নয়, চলতি বছর ইসরায়েলের পাঁচ পুলিশ কর্মকর্তার আত্মহত্যার তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে।গাজা যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব এবং সামরিক সদস্যদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা প্রতিরোধবিষয়ক গবেষক ইয়োসি লেভি-বেলজ সতর্ক করেছেন, যুদ্ধের অভিজ্ঞতা ও দীর্ঘ সময়ের মানসিক চাপের কারণে সামরিক সদস্যদের জন্য আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।তাঁর মতে, বিশেষ করে যুদ্ধফেরত ও রিজার্ভ বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়েও দেশটির নিরাপত্তা বাহিনীর ভেতর উদ্বেগ তৈরি হয়েছে।ইসরায়েলের চ্যানেল ১২ নিউজকে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম তীরে ‘হিলটপ ইয়ুথ’ নামে পরিচিত উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁর অভিযোগ, এসব হামলার পেছনে সংগঠিত গোষ্ঠী রয়েছে, যারা ফিলিস্তিনিদের এলাকা থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে কাজ করছে।ওই কর্মকর্তা এসব কর্মকাণ্ডকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, সহিংসতার সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সহিংসতা ইসরায়েলের অভ্যন্তরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।গত শনিবার রাতে রামাল্লার আশপাশের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ ওঠে। হামলাকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িঘরের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে যায়। এসব ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। অন্যদিকে গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১-এর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার বন্ধের দাবি জানিয়েছে দেশটির ডানপন্থী সংগঠন বিতসালমো।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটির প্রধান শাই গ্লিক কান ১১-এর প্রধান নির্বাহী গোলান ইয়োকপাজকে চিঠি দিয়ে বুধবারের জন্য নির্ধারিত অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার না করার আহ্বান জানিয়েছেন।প্রতিবেদনটিতে গাজায় ইসরায়েলি সেনাদের কথিত ‘মসকুইটো প্রোটোকল’ ব্যবহারের বিষয়টি অনুসন্ধান করার কথা রয়েছে। এই পদ্ধতিতে সামরিক অভিযানের সময় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিপজ্জনক স্থানে সেনাদের আগে পাঠানো বা সামনে অবস্থান করতে বাধ্য করার অভিযোগ রয়েছে।বিতসালমোর আশঙ্কা, এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন বিদেশি সংস্থাগুলো ইসরায়েলি সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে তদন্ত কিংবা গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে ব্যবহার করতে পারে। মানবঢাল ব্যবহারের অভিযোগ অবশ্য নতুন নয়। গাজা ও পশ্চিম তীরে এ ধরনের অন্তত ১৬টি ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সামরিক সদস্যদের আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজায় মানবঢাল ব্যবহারের অভিযোগ, তিনটি পৃথক ঘটনাই ইসরায়েলের সামরিক ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।সূত্র : আনাদোলু এজেন্সি