ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরাইলে বিরোধী জোটের সরকার গঠনের তোড়জোড়, চাপে নেতানিয়াহু

আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের পর ইসরাইলে ক্ষমতা ধরে রাখতে চরম রাজনৈতিক টানাপোড়েনের মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নতুন সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে তিনি এখন নানামুখী তৎপরতা চালাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আল জাজিরার তথ্য অনুযায়ী, দীর্ঘদিন বিরোধীদের কঠোর সমালোচনা করলেও বর্তমানে নেতানিয়াহু সব দলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পরপরই নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে মন্তব্য করেন যে, বিরোধী জোট এককভাবে সরকার গঠন করলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নেতানিয়াহুর এই হুঁশিয়ারি ও ঐক্যের ডাককে মূলত সময় ক্ষেপণ এবং রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে।ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসনের প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে নেতানিয়াহুর জোটে থাকা কয়েকটি ধর্মভিত্তিক দল এবার তাঁর সঙ্গ ছেড়ে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমনটি ঘটলে বিরোধী জোটের আসন সংখ্যা বেড়ে প্রায় ৬৭-তে পৌঁছাতে পারে, যা নেতানিয়াহুকে নতুন নেসেটে তীব্র দরকষাকষি ও চাপের মুখে ফেলে দিয়েছে।আল জাজিরার বিশ্লেষণে আরও বলা হয়, নেতানিয়াহুর জন্য এই ক্ষমতার লড়াই কেবল প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার বিষয় নয়, বরং এর সঙ্গে তাঁর ব্যক্তিগত ভবিষ্যৎ ও আইনি সুরক্ষাও জড়িত। ক্ষমতা হারালে তাঁকে একদিকে যেমন পুরনো দুর্নীতির মামলার বিচারের মুখোমুখি হতে হবে, তেমনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার দায় নিয়েও তদন্তের মুখে পড়তে হবে। বিশেষ করে নতুন সংসদে শপথ নেওয়া বহু সদস্য এবং খোদ গাদি আইজেনকোট ওই সংঘাতে স্বজন হারিয়েছেন, ফলে সংসদে ৭ অক্টোবরের ঘটনার তদন্ত নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাজনৈতিকভাবে নেতানিয়াহু বর্তমানে অত্যন্ত কঠিন ও কোণঠাসা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং বিরোধী দলগুলো তাঁকে কোনো ছাড় দিতে নারাজ। এমন প্রেক্ষাপটে নতুন কোনো বড় নিরাপত্তা সংকট বা আঞ্চলিক উত্তেজনা তৈরি না হলে তাঁর পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।সূত্র: আল জাজিরা।

ইসরাইলে বিরোধী জোটের সরকার গঠনের তোড়জোড়, চাপে নেতানিয়াহু