ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে জড়ানোর চেষ্টা ইসরায়েলের: ইরান

ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল। এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, ইরানের ওষুধ উৎপাদনকারী কারখানায় রাসায়নিক অস্ত্র তৈরি ও গোপন করার যে অভিযোগ ইসরায়েল তুলেছে, তার উদ্দেশ্য ওয়াশিংটনকে বিভ্রান্ত করে তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি করা।বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণবিধ্বংসী অস্ত্রে সজ্জিত একটি রাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ করছে। ইসরায়েলের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, দেশটির প্রতিটি অভিযোগই যেন নিজেদের কর্মকাণ্ডের স্বীকারোক্তি।আরাঘচি অভিযোগ করেন, ইসরায়েল পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলোতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। অথচ সেই দেশই অন্য রাষ্ট্রের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ তুলছে।তার দাবি, ইসরায়েলের কাছে শত শত পারমাণবিক ওয়ারহেড রয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যের সাতটি রাষ্ট্রে সামরিক হামলা চালিয়েছে এবং তিনটি দেশের ভূখণ্ড দখল করে রেখেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে দুটি ব্যর্থ যুদ্ধে জড়ানোর অভিযোগও করেন তিনি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল এখন তেহরানের বিরুদ্ধে এমন এক অভিযোগ তুলেছে, যার মাধ্যমে ইরানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সন্দেহের মুখে ফেলা হচ্ছে। এর ফলে শুধু নতুন সামরিক সংঘাতের আশঙ্কাই তৈরি হচ্ছে না, সাধারণ ইরানি রোগীদের জীবনও ঝুঁকিতে পড়তে পারে।আরাঘচি উল্লেখ করেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী দেশ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) সদস্য। একই সঙ্গে দেশটি অতীতে রাসায়নিক অস্ত্র হামলার শিকার হয়েছে।ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনের আমলে পশ্চিম জার্মানির সরবরাহ করা রাসায়নিক অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। সেই অভিজ্ঞতার পরও ইরানকে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে।তার ভাষায়, ইসরায়েলের উদ্দেশ্য অত্যন্ত বিপজ্জনক। দেশটি যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করে নিজেদের পক্ষে আরেকটি যুদ্ধে নামাতে চায়। একই সঙ্গে ইরানের ওষুধ কারখানাগুলোকে লক্ষ্যবস্তু করার পরিস্থিতি তৈরি করে দেশটির রোগীদের বিপদের মুখে ঠেলে দিতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ অভিযোগ করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির কার্যক্রম চালাচ্ছে। তার দাবি, তেহরান এ ধরনের অস্ত্র উৎপাদনের চেষ্টা করলেও এখনো সেগুলো কার্যকরভাবে ব্যবহারের সক্ষমতা অর্জন করতে পারেনি।কাৎজ বলেন, ইরানকে এ ধরনের সক্ষমতা অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। তার বক্তব্যের পরই তেহরান ও তেল আবিবের মধ্যে নতুন করে অভিযোগ-পাল্টা অভিযোগ শুরু হয়।তবে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ভিন্নমত দেখা গেছে। ইসরায়েলি রাজনীতিক আভিগডর লিবারম্যান বুধবার বলেন, ইরানের রাসায়নিক অস্ত্রসংক্রান্ত অভিযোগ গুরুতর হলেও গোয়েন্দা ও সামরিক অভিযানের দৃষ্টিকোণ থেকে নিকট ভবিষ্যতে দেশটির ওপর একতরফা ইসরায়েলি হামলার যৌক্তিকতা নেই।তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও সমালোচনা করেন। তার অভিযোগ, ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক হিসাব-নিকাশ ইরানসংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করছে।এদিকে সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে রাসায়নিক, জৈবিক ও অন্যান্য অস্ত্রসংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে।গত ১৭ নভেম্বর সাতজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইরান ওয়াশিংটনে তেজস্ক্রিয় পদার্থযুক্ত একটি ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা করতে পারে বলে মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন। তবে ওই অভিযোগের পক্ষে প্রকাশ্যে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।ইরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই অভিযোগগুলোকে ইরাক যুদ্ধের আগে গণবিধ্বংসী অস্ত্র নিয়ে চালানো প্রচারণার সঙ্গে তুলনা করেছেন।পরবর্তী সময়ে ইরানের কিছু বাঁধ ও পানি সরবরাহ প্রকল্পের সঙ্গে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার সম্ভাব্য সংযোগ নিয়েও প্রতিবেদন প্রকাশিত হয়।এ ছাড়া ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তেহরান সেই অভিযোগ অস্বীকার করেছে। বেলজিয়ামেও একই ধরনের ঘটনার জন্য ইরানকে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।এমন পরিস্থিতিতে ইসরায়েলের নতুন রাসায়নিক অস্ত্রসংক্রান্ত অভিযোগকে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছে তেহরান। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা প্রয়োজন।দুই দেশের বিপরীত অবস্থানের মধ্যে রাসায়নিক অস্ত্রের অভিযোগ নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।সূত্র : ডন

যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধে জড়ানোর চেষ্টা ইসরায়েলের: ইরান