ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

এক ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়াল, ভয়াবহ সংকটে ইরানের অর্থনীতি

যুদ্ধ, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক অবরোধের চাপে ভয়াবহ সংকটের মুখে পড়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা রিয়ালের মান নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়ালে পৌঁছেছে। একই সঙ্গে গত এক বছরে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে নিজেদের সঞ্চয়ের মূল্য ধরে রাখতে ডলার ও সোনা কেনার দিকে ঝুঁকছেন অনেক ইরানি।শনিবার (২৮ নভেম্বর) ইরানের মুদ্রাবাজারে ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন ঘটে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, মার্কিন নিষেধাজ্ঞা এবং অবরোধের কারণে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। খোলাবাজারে বৈদেশিক মুদ্রার দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্ট ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে। আগের দিন শুক্রবার এই দর ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।অন্যদিকে আরেকটি মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আলানচাঁদ ডটকমের হিসাবে প্রতি ডলারের দাম পৌঁছেছে ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে। আগের দিনের তুলনায় এ দর বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের কারণে ইরান কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।যুদ্ধের মধ্যে গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।চলতি নভেম্বরের শুরুতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর উদ্দেশ্য ইরানের স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রীর চলাচল সীমিত করা।এদিকে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহের শুরুতে কঠোর মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তাঁর দাবি, ইরানের অর্থনীতি কার্যত বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং দেশটির নেতৃত্ব আতঙ্কিত হয়ে পড়েছে।ইরানকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে আরও বিচ্ছিন্ন করা এবং দেশটির গোপন ব্যাংকিং নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর তিনি এ মন্তব্য করেন।তবে অর্থনৈতিক সংকটের মধ্যেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে বলে দাবি করেছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি।শনিবার তিনি জানান, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ আমদানির অর্থ পরিশোধের সক্ষমতা ইরানের রয়েছে।একই সঙ্গে বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা শুধু অর্থনৈতিক পরিস্থিতির কারণে তৈরি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, মানুষের প্রত্যাশা, রাজনৈতিক পরিস্থিতি এবং মনস্তাত্ত্বিক কারণও মুদ্রার বিনিময় হারকে প্রভাবিত করছে।রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে হেম্মাতি বলেন, অর্থনীতি, মানুষের প্রত্যাশা ও রাজনীতিসহ বিভিন্ন বিষয় বৈদেশিক মুদ্রাবাজারে প্রভাব ফেলে। বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তবে সরকারের আশ্বাসের মধ্যেও নিজেদের সঞ্চয় নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক ইরানি। রিয়ালের ক্রমাগত দরপতনের কারণে সঞ্চিত অর্থের মূল্য কমে যাওয়ার আশঙ্কায় তাঁরা মার্কিন ডলার, অন্যান্য শক্তিশালী বিদেশি মুদ্রা এবং সোনা কিনছেন।ইরানের পরিসংখ্যান কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির ভোক্তাপণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে।একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি পৌঁছেছে ৭৬ দশমিক ৮ শতাংশে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে খাদ্য ও পানীয়ের বাজারে। গত এক বছরে এসব পণ্যের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।এর আগে গত আগস্টেও ইরানের মুদ্রার মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। সে সময় প্রতি মার্কিন ডলারের দাম ২০ লাখ রিয়ালের সীমা অতিক্রম করে।অন্যদিকে গত জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬৬ শতাংশ। এরপর মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে এবং রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে।যুদ্ধ, নিষেধাজ্ঞা ও মুদ্রার অবমূল্যায়নের সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতিতে সংকট গভীর হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্যের উচ্চমূল্য এবং সঞ্চয়ের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে।সূত্র : রয়টার্স।

এক ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়াল, ভয়াবহ সংকটে ইরানের অর্থনীতি
Richman