বিগত ১৭ বছরে যাচাই ছাড়াই বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়া হয়েছে: রাষ্ট্রপতি
দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বৃদ্ধির জন্য মানহীন বিশ্ববিদ্যালয়ের বিস্তারকে দায়ী করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, গত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের একটি অংশ উচ্চশিক্ষাকে ব্যবসা ও অতিমুনাফার মাধ্যমে পরিণত করেছে। ফলে ডিগ্রি অর্জন করেও অনেক তরুণ কর্মজীবনে প্রবেশ করতে পারছেন না।মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বিশ্ববিদ্যালয়টির আচার্যও।রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেলেই উচ্চশিক্ষার উন্নয়ন হয়েছে, এমন ধারণা সঠিক নয়। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষার গুণগত মান, আধুনিক পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগের ওপর।তাঁর মতে, যথাযথ মান নিশ্চিত না করে সনদ দেওয়ার প্রবণতা সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে।দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের বৈষম্য ও বিভক্তির বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সুযোগ-সুবিধা, মান এবং দক্ষতা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। এসব বৈষম্য দূর করে সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান তিনি। তবে আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বও তুলে ধরেন রাষ্ট্রপতি।উচ্চশিক্ষা ও কর্মবাজারের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়গুলোকে এমন পাঠ্যক্রম তৈরি করতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন।এ জন্য ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি। তরুণদের কেবল চাকরির জন্য প্রস্তুত না করে উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও গড়ে তোলার আহ্বান জানান তিনি।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রগতির কথাও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রযুক্তির পরিবর্তনের কারণে কয়েক বছরের মধ্যেই অনেক পেশায় নতুন ধরনের দক্ষতার প্রয়োজন হতে পারে।তাই শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রির ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের নিয়মিত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।একই সঙ্গে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, প্রযুক্তিনির্ভরতা যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে দুর্বল না করে। প্রযুক্তির যত উন্নয়নই হোক, মানবিক মূল্যবোধ, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ডিগ্রি অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও শিক্ষা গ্রহণের প্রক্রিয়া এখানেই শেষ নয়। অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজ এবং দেশের কল্যাণে কাজে লাগানোর দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।তিনি মনে করিয়ে দেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পেছনে তাঁদের পরিবার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফলে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখাও তাঁদের দায়িত্ব।স্নাতকদের সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, ট্রাস্টের সদস্য, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের এবারের ২৭তম সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।