ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ আগস্ট দিন নির্ধারণ করেছেন আদালত।বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে আদালত প্রতিবেদন জমার জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।[BANGVIEWS-POST:1848]এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবির দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।মামলার তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় হামলার শিকার হন ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টা মামলা করা হলেও পরে তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।[BANGVIEWS-POST:1845]এর আগে গত ৬ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযোগপত্রে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করা হয়। ডিবির অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রাজনৈতিক বিরোধ ও পূর্বপরিকল্পনার অংশ হিসেবে হাদিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে।