ইজারাদার নেই, তবু রসিদ ছাড়াই আদায় হচ্ছে টোল
সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌপথে টোল আদায় নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে টোলের হার কমিয়ে প্রতি বর্গফুটে ৫০ পয়সা নির্ধারণ করার পর অসন্তোষ জানিয়ে টোল আদায় বন্ধ রেখেছেন বৈধ ইজারাদাররা। তবে অভিযোগ উঠেছে, ইজারাদাররা ঘাটে না গেলেও বিভিন্ন চুনাপাথর ক্রাশার মিলের ম্যানেজাররা নৌযান থেকে টোলের টাকা আদায় করে নিজেদের কাছে জমা রাখছেন এবং এর বিপরীতে কোনো রসিদও দিচ্ছেন না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে মান্নান ঘাট এবং মান্নান ঘাট থেকে গজারিয়া পর্যন্ত নৌপথের দুটি অংশের টোল আদায়ের বৈধ ইজারা নিয়েছেন ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান। ইজারাদারদের দাবি অনুযায়ী, ইজারার চুক্তিনামায় নদীর পাড় থেকে নৌযানে চুনাপাথর লোড-আনলোডের ক্ষেত্রে প্রতি টনে ৭০ টাকা হারে টোল আদায়ের কথা উল্লেখ রয়েছে।তবে চুনাপাথরের টোল টনের পরিবর্তে ঘনফুটে আদায়ের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন লালপুরের মিলমালিক, নৌযান মালিক ও শ্রমিকরা। তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন সরেজমিন জামালগঞ্জ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ইজারাদারদের প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোল আদায়ের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু চুক্তির শর্তের চেয়ে এই হার কম হওয়ায় ইজারাদাররা ঘাটে গিয়ে টোল আদায় বন্ধ রাখেন।এদিকে সাচনা বাজার থেকে মান্নানঘাট, লালপুর ও গজারিয়া পর্যন্ত এলাকায় শতাধিক চুনাপাথর ক্রাশার মিল রয়েছে, যেখান থেকে প্রতিদিন স্টিলবডি নৌযানে করে দেশের বিভিন্ন প্রান্তে পাথর পরিবহন করা হয়। অভিযোগ রয়েছে, মিল থেকে পাথর কেনার পর নৌযান সংশ্লিষ্টরা পাথরের বিলের সঙ্গে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে মিলের ম্যানেজারদের কাছে জমা দিচ্ছেন।সরেজমিন অনুসন্ধানে একাধিক নৌযানের শ্রমিক জানান, বর্তমানে ইজারাদাররা ঘাটে না আসায় নির্ধারিত হারে টোলের টাকা মিলের ম্যানেজারদের কাছে জমা দেওয়া হচ্ছে, তবে এর কোনো রসিদ দেওয়া হচ্ছে না। ‘এমভি তমির উদ্দিন আউলিয়া’র সুকানি আবু জাফর বলেন, তাঁর জাহাজে প্রায় সাড়ে ১১ হাজার বর্গফুট পাথর পরিবহন করা যায়। এর আগে সোনাপুরের ফরিদ হাজির মিল থেকে দুই ট্রিপ পাথর নেওয়ার সময় ঘাটে ইজারাদার না পেয়ে মিল কর্তৃপক্ষের কাছেই টোলের টাকা পরিশোধ করেছেন, তবে কোনো রসিদ পাননি। ‘এমভি মোসাররফ হোসেন অ্যান্ড ওমর খান’ নৌপরিবহনের এক কর্মীও জানান, কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমানের মিল থেকে ৯ হাজার ৭০০ বর্গফুট পাথর নেওয়ার পর বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা দিয়ে এলেও কোনো রসিদ দেওয়া হয়নি।এ বিষয়ে জানতে চাইলে ফরিদ হাজির মিলের ম্যানেজার রায়হান আহমদ টোলের টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “বিআইডব্লিউটিএর কোনো ইজারাদার টোল আদায়ের জন্য ঘাটে আসছেন না। তাই আমাদের মিল থেকে পাথর নেওয়া নৌযানগুলোর কাছ থেকে প্রতি বর্গফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে নিজেদের কাছে জমা রাখছি। ইজারাদাররা এলে সংগৃহীত পুরো টাকা বুঝিয়ে দেওয়া হবে।” তবে কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমান টোলের টাকা আদায় বা জমা রাখার অভিযোগ অস্বীকার করেছেন।অন্যদিকে ইজারাদার ওয়াহেদ আলী বলেন, চুক্তিতে প্রতি টনে ৭০ টাকা টোলের উল্লেখ থাকলেও প্রশাসনের মৌখিক নির্দেশনায় বর্গফুটে ৫০ পয়সা নির্ধারণ করায় তাঁরা সন্তুষ্ট নন। বিষয়টি লিখিতভাবে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে জানানো হয়েছে এবং আপাতত তাঁরা টোল আদায় বন্ধ রেখেছেন। আরেক ইজারাদার জিয়াউর রহমানও জানান, তাঁরা বিআইডব্লিউটিএর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এবং বর্তমানে মিলের ম্যানেজাররাই টোলের টাকা আদায় করছেন।চুক্তিবদ্ধ ইজারাদারদের অনুপস্থিতিতে ক্রাশার মিলের ম্যানেজাররা কোন কর্তৃত্বে নৌযান থেকে টোল আদায় করছেন এবং রসিদ ছাড়া সংগৃহীত এই বিপুল অর্থ কোথায় জমা হচ্ছে, তা জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা।