ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করতে চায় ইউনেস্কো

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ আধুনিকায়ন এবং শিক্ষা খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এই আগ্রহের কথা জানান।বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।ইউনেস্কোর প্রতিনিধি দেশের শিক্ষা খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।বিশেষ করে সব মাধ্যমের শিক্ষকদের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। একই সঙ্গে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার আগে প্রশিক্ষণ এবং চাকরিরত অবস্থায় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।বৈঠকে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, কার্যকর মূল্যায়নব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্য শিক্ষা ও টেকসই উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়টিও আলোচনায় উঠে আসে।এ সময় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রযুক্তি বা এডটেক খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সরকার।এর পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।মাহ্দী আমিনের আশা, এসব কার্যক্রমের মাধ্যমে মানসম্মত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের গুণগত মান যাচাই এবং শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।বৈঠকে ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বাংলাদেশের শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করতে চায় ইউনেস্কো