আসিয়ান কাপের আগে বাংলাদেশ দল থেকে বাদ ৬ ফুটবলার
ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন এনেছেন প্রধান কোচ থমাস ডুলি। ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে কয়েক দিনের অনুশীলনের পর ছয় ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে।প্রাথমিক দল থেকে বাদ পড়া খেলোয়াড়রা হলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন।জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, দল নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবেই ধাপে ধাপে স্কোয়াড ছোট করা হচ্ছে। কোচের সিদ্ধান্ত অনুযায়ী ছয় ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে। অনুশীলনের পর আরও একজন ফুটবলার বাদ পড়তে পারেন বলেও জানান তিনি।তিনি বলেন, ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ দল কতজন ফুটবলার নিয়ে যাবে, তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।বাদ পড়া ফুটবলারদের মধ্যে ইসা ফয়সাল জাতীয় দলের পরিচিত মুখ। এর আগে তিনি বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং একসময় জাতীয় দলের নিয়মিত বিবেচনায় ছিলেন। তবে এবার আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।আসন্ন আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে।টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সব গ্রুপ পর্বের ম্যাচ।আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টায় এবং শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।