ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ওয়াশিংটনে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, অক্ষত যাত্রীরা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় সংঘর্ষ হয়েছে। এতে একটি উড়োজাহাজের ডানার অংশ ভেঙে মাটিতে পড়ে যায়। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরের রানওয়ের কাছে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর উড়োজাহাজ দুটি নিজ নিজ গেটে ফিরিয়ে নেওয়া হয়।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ডালাস-ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ উড্ডয়নের জন্য এগিয়ে যাওয়ার সময় শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর ডানায় আঘাত করে। দুটি উড়োজাহাজই তখন মাটিতে চলাচল করছিল। সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এফএএ।শিকাগোগামী ফ্লাইটের এক যাত্রী জানান, উড্ডয়নের প্রস্তুতি চলাকালে হঠাৎ উড়োজাহাজের ডান পাশে তীব্র ঝাঁকুনি অনুভব করেন তিনি। সংঘর্ষের সঙ্গে সঙ্গে পুরো উড়োজাহাজ কেঁপে ওঠে। এতে কেবিনের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।ওই যাত্রী আরও জানান, জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি মাটিতে উড়োজাহাজের ডানার একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। পরে উড়োজাহাজটি গেটে ফিরে যাওয়ার সময় একটি ট্রাককে সেই অংশ সরিয়ে নিতে দেখেন তিনি।আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষের পর সেগুলোকে সাময়িকভাবে যাত্রী পরিবহন কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা উড়োজাহাজ দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করছেন।এদিকে দুই উড়োজাহাজের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তাঁদের যত দ্রুত সম্ভব নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমান সংস্থাটি।এই বিমানবন্দরেই ২০২৫ সালের জানুয়ারিতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছিল। সে সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝআকাশে সংঘর্ষ হয়।হোয়াইট হাউজ ও পেন্টাগনের কাছাকাছি অবস্থিত বিমানবন্দরটির আশপাশে সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন গত বছর থেকে বন্ধ ছিল। তবে চলতি সপ্তাহে এসব উড্ডয়ন পুনরায় শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী।আগের প্রাণঘাতী দুর্ঘটনার পর একই বিমানবন্দরে নতুন করে দুটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।সূত্র : সিএনএন।

ওয়াশিংটনে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, অক্ষত যাত্রীরা