ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য মুন্তাকিম চৌধুরী আর নেই

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে বার্ধক্যজনিত কারণে ৯৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জামাতা, অস্ট্রেলিয়াপ্রবাসী জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছিলেন। বয়সজনিত নানা সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।মৃত্যুর পর মেলবোর্নে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে জন্মগ্রহণ করেন আব্দুল মুন্তাকিম চৌধুরী। তাঁর বাবার নাম তজম্মল আলী চৌধুরী।বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ সময়ে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ভাষা আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেন।স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দেশের সাংবিধানিক কাঠামো তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী।১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিলেট-১৩ (কুলাউড়া-বড়লেখা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাঁকে কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়।রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই সাবেক সংসদ সদস্য।স্বাধীনতার পর জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি আইন পেশাতেও সক্রিয় ছিলেন ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী।ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সংবিধান প্রণয়ন, সংসদীয় রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত।

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য মুন্তাকিম চৌধুরী আর নেই