ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন

দেশের ফুটবল অঙ্গনের প্রবীণ সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই ক্রীড়া সংগঠক। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশীদ। দেশের ক্রীড়াঙ্গনে তিনি ‘হারুন ভাই’ নামেই পরিচিত ছিলেন। বাংলাদেশের ক্লাব ফুটবলের বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে কাজ করেন তিনি। আবাহনীর পরিচিত ও ঐতিহ্যবাহী লোগোটিও তাঁর নিজের হাতে নকশা করা।ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় পর্যায়ের ফুটবল প্রশাসনেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। পাঁচবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পাশাপাশি ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবল প্রশাসনেও ছিল তাঁর সম্পৃক্ততা। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন হারুনুর রশীদ।দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসি গোল্ডেন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন তিনি।ক্রীড়া সংগঠনের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে জয়ী হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।ওই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন হারুনুর রশীদ।মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মরদেহ জন্মস্থান লক্ষ্মীপুরে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মারা গেছেন