বহুজাতিক কোম্পানির মুনাফায় ১৫ শতাংশ ন্যূনতম কর বসাচ্ছে সৌদি আরব
বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দিয়ে কম করের দেশে মুনাফা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটিতে নির্দিষ্ট শর্ত পূরণকারী বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কার্যকর কর আরোপ করা হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জ্যাটকা) জানিয়েছে, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সমন্বিত বার্ষিক আয় ৭৫০ মিলিয়ন ইউরো বা তার বেশি, তারা এ করের আওতায় পড়বে। তবে আগের চার অর্থবছরের অন্তত দুটিতে প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত আয়ের সীমা অর্জন করতে হবে।নতুন করব্যবস্থা সৌদি আরবে ব্যবসা পরিচালনাকারী সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে না। কেবল নির্ধারিত আয়সীমা পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ কর দিতে হবে। অন্যদিকে, বিদেশে কোনো শাখা নেই এবং কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়—এমন স্থানীয় প্রতিষ্ঠান নতুন করের আওতামুক্ত থাকবে।কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ১৫ শতাংশের কম হলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর সরাসরি ১৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না; বরং মুনাফার বিপরীতে কার্যকর করের হার বিবেচনা করে অতিরিক্ত অর্থ নির্ধারণ করা হবে।আন্তর্জাতিক করনীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দেওয়ার সুযোগ সীমিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর প্রণীত বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন ব্যবস্থা কার্যকর হলে দেশের অভ্যন্তরে অর্জিত মুনাফার ওপর কর আদায়ের অধিকার আরও সুরক্ষিত হবে। একই সঙ্গে সরকারি রাজস্ব বাড়ানো এবং আন্তর্জাতিক করব্যবস্থার সঙ্গে সৌদির করনীতির সামঞ্জস্য প্রতিষ্ঠায় এটি ভূমিকা রাখবে।