ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এখনো নিখোঁজ ২৮০ জন: গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে!

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে এখনো ২৮০ জন নিখোঁজ রয়েছেন এবং তাঁদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এসব ঘটনার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে; প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। গত রোববার (৮ নভেম্বর ২০২৬) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিচারপ্রক্রিয়ার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব তথ্য জানান এবং ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন ২৮০ জনের নাম উঠে এসেছে, যাঁদের কাউকেই আজ পর্যন্ত খুঁজে পাওয়া বা শনাক্ত করা সম্ভব হয়নি। এসব ঘটনা একত্র করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সালাহউদ্দিনের নেতৃত্বে নিবিড় অনুসন্ধান চলছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হচ্ছে।তৎকালীন সরকারের দমন-পীড়নের কৌশল তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক উপলক্ষ সামনে রেখে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী মতের সক্রিয় নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যেত। অবৈধভাবে আটকে রেখে নির্যাতনের পর কাউকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতো, কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো, আবার বড় একটি অংশকে চিরতরে গুম করে ফেলা হতো।আইনি প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, সম্প্রতি প্রণীত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ অনুযায়ী যেসব ভুক্তভোগীর এখনো কোনো সন্ধান মেলেনি, তাঁদের ঘটনাগুলোকে ‘চলমান গুম’ (Continuing Disappearance) হিসেবে বিবেচনা করা হবে। এর মধ্যে যেগুলো পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে ব্যাপক আকারে সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য ঘটনার বিচার সংশ্লিষ্ট স্থানীয় দায়রা আদালতে অনুষ্ঠিত হবে।এদিকে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের ঘটনাগুলো মোটেও বিচ্ছিন্ন নয়; বরং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে একটার সঙ্গে আরেকটার গভীর যোগসূত্র রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের নির্বাচনের আগে মাত্র দুই সপ্তাহে রাজধানীর উত্তরা থেকে সূত্রাপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২২ জনকে তুলে নেওয়া হয়েছিল। এছাড়া লাকসামের গুম এবং শীতলক্ষ্যার সাত খুনের ঘটনার সঙ্গে জড়িতদের একই ধরনের গুমের ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।রাষ্ট্রীয় মদদে আলামত নষ্ট করার কারণে তদন্ত কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে সানজিদা ইসলাম তুলি বলেন, বিগত ১৭ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের বিপুলসংখ্যক মানবতাবিরোধী অপরাধের বিচার একটি মাত্র ট্রাইব্যুনালের পক্ষে দ্রুত নিষ্পত্তি করা কঠিন। তাই বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারকে আরও ট্রাইব্যুনাল গঠন এবং তদন্ত সংস্থায় অতিরিক্ত ইউনিট ও দক্ষ জনবল যুক্ত করার আহ্বান জানান তিনি।

এখনো নিখোঁজ ২৮০ জন: গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে!