শ্রমিক অসন্তোষে ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দেশের নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ প্লাটুন দায়িত্ব পালন করছেন গাজীপুরে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের তৎপরতা বাড়ানো হয়েছে। শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা, সড়কে যান চলাচল নির্বিঘ্ন করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে।বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল বন্ধের চেষ্টা করা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তারা সড়কে রাখা ব্লক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেন।একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ ছাড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আনসারের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি, সদস্যদের সক্রিয় তৎপরতার ফলে গাজীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।নিরাপত্তা কার্যক্রমে আনসার সদস্যরা পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ স্ট্রাইকিং টিম এবং অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে।একই সঙ্গে মোতায়েন করা আনসার সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োজিত রাখা হয়েছে।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহে মোট ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।এর মধ্যে গাজীপুরে ১৯ প্লাটুন, গোপালগঞ্জে ১৫ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন মোতায়েন রয়েছে। এ ছাড়া খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব জেলার শিল্পাঞ্চলের পাশাপাশি প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়নের টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।