আইসিজের রায়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আবেগ ও আশার ঢেউ
বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) যুগান্তকারী রায় স্বস্তি, আবেগ ও মাতৃভূমিতে ফেরার নতুন আশার সঞ্চার করেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করে আদালত রায় দেওয়ার পর শিবিরজুড়ে এই প্রতিক্রিয়া দেখা যায়।ক্যাম্প ১ই-এর বাসিন্দা উম্মে রুমান বিকেল থেকেই মোবাইল ফোনে আইসিজের রায়ের জন্য অপেক্ষা করছিলেন। দুর্বল ইন্টারনেট সংযোগে সরাসরি সম্প্রচার বাধাগ্রস্ত হলেও পরে ফেসবুকে মিয়ানমারের গণহত্যার খবরের শিরোনাম দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। রুমান বলেন, ‘আমি আনন্দের অশ্রু নিয়ে উদযাপন করেছিলাম, কারণ প্রথমবারের মতো বিশ্ব আমাদের সাথে যা ঘটেছিল তা স্বীকার করে নিয়েছিল। আমার কাছে এটা শুধু একটি আইনি রায় নয়। এটা আমাদের দুর্ভোগের প্রমাণ।’শিবিরজুড়ে রোহিঙ্গারা মোবাইল ফোন, ল্যাপটপ ও বড় পর্দায় রায়ের ঘোষণা অনুসরণ করেন। ১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ল্যাপটপে ঘোষণা দেখছিলেন। রেহান জানান, অনেকেই কাঁদছিলেন ও প্রার্থনা করছিলেন, আর তাঁর প্রথম ভাবনা ছিল এই রায়ে হয়তো দেশে ফেরার পথ খুলবে। মাকে খবরটি জানালে তিনিও আনন্দে বলেন, তাঁরা জিতে গেছেন এবং মাতৃভূমিতে ফিরতে পারবেন। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা দায়েরের ভূমিকার কথাও আলোচনা করেন বয়স্ক শরণার্থীরা।তবে এই উদযাপন চলেছে কঠিন বাস্তবতার মধ্য দিয়েই। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃহস্পতিবার শিবিরগুলোতে বৃষ্টিপাত হয়, যা ঘিঞ্জি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর অস্বস্তি বাড়ায়। রোহিঙ্গা যুবক নুরুল আমিন বলেন, আদালত গণহত্যার স্বীকৃতি দেওয়ায় তিনি খুশি হলেও ২০১৭ সালের সহিংসতা ও ভিটেমাটি হারানোর বেদনাদায়ক স্মৃতি মনে পড়ে গেছে। রোহিঙ্গা অধিকারকর্মী রহিমুল্লাহও রায়কে স্বস্তি ও আশার মুহূর্ত বললেও জানান, এটি হারানো প্রিয়জনদের ফিরিয়ে আনতে বা বেদনা মুছে ফেলতে পারবে না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক ও রোহিঙ্গা সংকট গবেষক নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগীদের দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বৈশ্বিক ন্যায়বিচারের ধারণা প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে, আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক আবাসিক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান আল জাজিরাকে বলেন, যেহেতু একটি আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের গণহত্যার শিকার বলে রায় দিয়েছেন, তাই প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনার গতিপ্রকৃতিতে এর প্রভাব পড়বে এবং যেকোনো প্রত্যাবাসন ব্যবস্থায় নিরাপদ ফেরার বিষয়ে ঢাকাকে মিয়ানমারের কাছ থেকে আরও জোরালো আশ্বাস চাইতে হবে।শরণার্থীরা জানান, রায়ের ফলে তাঁরা নৃশংসতার জন্য দায়ীদের জবাবদিহিতা, নাগরিকত্ব ও অধিকার পুনরুদ্ধার এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।সূত্র: আল জাজিরা