আইডিএলসি ইনভেস্টমেন্টসকে সতর্ক করল বিএসইসি
সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যত্যয়ের ঘটনায় মার্চেন্ট ব্যাংকার প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকেও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আইনগত ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।সম্প্রতি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে আইডিএলসি ইনভেস্টমেন্টসের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিশন সূত্রে বিষয়টি জানা গেছে।চিঠির তথ্য অনুযায়ী, সিকিউরিটিজ আইন পরিপালনসংক্রান্ত অভিযোগের বিষয়ে গত ১ অক্টোবর আইডিএলসি ইনভেস্টমেন্টসকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএসইসি। এরপর প্রতিষ্ঠানটি ২৫ অক্টোবর লিখিতভাবে নিজেদের ব্যাখ্যা জমা দেয়। পরদিন ২৬ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।শুনানির পর কারণ দর্শানোর নোটিশে উত্থাপিত বিষয়গুলো এবং প্রতিষ্ঠানের দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে কমিশন। এতে প্রযোজ্য সিকিউরিটিজ আইন পরিপালনে কিছু ব্যত্যয়ের দৃষ্টান্ত পাওয়া যায় বলে জানিয়েছে বিএসইসি।তবে এসব ব্যত্যয়ের মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আপাতত শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।একই সঙ্গে ভবিষ্যতে আইন পরিপালনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে আইডিএলসি ইনভেস্টমেন্টসের পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনাকে নির্দেশনামূলক সতর্কবার্তা দেওয়া হয়েছে।বিএসইসির চিঠিতে জানানো হয়েছে, ভবিষ্যতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন কিংবা আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো ঘটনা ঘটলে সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে।তবে বর্তমান সতর্কীকরণ আদেশের কারণে আইডিএলসি ইনভেস্টমেন্টসের আইনগত দায়দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না বলেও স্পষ্ট করেছে কমিশন।বিশেষ করে প্রতিষ্ঠানটির আইন পরিপালনে ব্যর্থতার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাঁর প্রতি আইডিএলসির আইনগত দায়বদ্ধতা বহাল থাকবে। সতর্কবার্তা পাওয়ার বিষয়টি ভবিষ্যতে সেই দায় থেকে অব্যাহতি পাওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না।এদিকে বিএসইসির এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। সতর্কীকরণ চিঠির অনুলিপি কমিশনের চেয়ারম্যানের দপ্তর, এনফোর্সমেন্ট বিভাগের কমিশনার এবং সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকদের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।