ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেরমিনের জোড়া গোলে অ্যাতলেতিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

এক গোলের ঘাটতি থেকে ঘুরে দাঁড়িয়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলে গুরুত্বপূর্ণ এই জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এর ফলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আবারও তিনে নিয়ে গিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।রোববার (৮ নভেম্বর) রাতে মেট্রোপলিতানোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা।ম্যাচের ১০ মিনিটে আলভারেজের বাড়ানো বল পেয়ে কাছ থেকে জালে পাঠান গিওলিয়ানো সিমিওনে। শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এরপর সমতায় ফেরার জন্য আক্রমণের গতি বাড়ায় সফরকারীরা। তবে অ্যাতলেতিকোর দ্রুতগতির পাল্টা আক্রমণ সামলাতে বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয় তাদের।এর আগে কর্নার থেকে মার্ক পুবিলের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে বার্সার পেদ্রির শটও পোস্টে বাধা পায়।প্রথমার্ধের শেষ দিকে অবশ্য সমতায় ফেরে বার্সেলোনা। পেদ্রির দুর্দান্ত পাস থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ফেরমিন লোপেজ। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আরও বেশি প্রভাব বিস্তার করে বার্সেলোনা। ইয়ামাল ও পেদ্রির সমন্বয়ে একের পর এক আক্রমণ তৈরি হলেও অ্যাতলেতিকোর জমাট রক্ষণ ভাঙতে শুরুতে সফল হচ্ছিল না তারা। এদিকে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিলেন আলভারেজ। তবে তা কাজে লাগাতে পারেননি তিনি।অবশেষে ৬৬ মিনিটে দ্বিতীয়বারের মতো জালের দেখা পায় বার্সেলোনা। লামিন ইয়ামালের নিখুঁত থ্রু-পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ফেরমিন লোপেজ। তাঁর এই গোলেই এগিয়ে যায় সফরকারীরা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।এই জয়ের ফলে আন্তর্জাতিক বিরতির আগে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এবং অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যাচ্ছে ফ্লিকের দল।

ফেরমিনের জোড়া গোলে অ্যাতলেতিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা