ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বদলে দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের অর্থনৈতিক সংকটকে আরও গভীর হতে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে ওয়াশিংটন দেশটির অর্থনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে। তিনি বলেন, ইরানের মূল্যস্ফীতি অনেক বেশি এবং দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।ট্রাম্পের ভাষ্য, ‘আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না। তাদের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি।’[BANGVIEWS-POST:3846]এর মাত্র এক সপ্তাহ আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প। তবে এবার তিনি নতুন কোনো সামরিক হামলার হুমকি দেননি। বরং অর্থনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে দুর্বল করার কৌশলেই জোর দিয়েছেন। মার্কিন প্রশাসন এরই মধ্যে ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা, জ্বালানি ও আর্থিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক হাজারের বেশি ব্যক্তি, জাহাজ ও বিমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন করে আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে। এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরান প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে কয়েকটি শর্ত দিয়েছে। তেহরানের অবস্থান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। [BANGVIEWS-POST:3845]অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজনে ইরানের ওপর নৌ অবরোধ দীর্ঘ সময় ধরে রাখার সক্ষমতা তাদের রয়েছে। একই সঙ্গে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এমন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে, যা আগে কখনো কোনো দেশের ওপর প্রয়োগ করা হয়নি। ইরান ইস্যুতে নিজের বর্তমান কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে।’ তিনি পরিস্থিতিকে দাবা খেলার সঙ্গে তুলনা করে বলেন, এ ক্ষেত্রে কৌশল ও ধৈর্য গুরুত্বপূর্ণ।সূত্র: এক্সিওস

ইরানে নতুন হামলা নয়, অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে ট্রাম্প