ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বহিষ্কারে নিজের প্রশাসনের কঠোর নীতি নিয়ে এবার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতির কারণে মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মনে করেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করা অভিবাসীদের বিষয়ে নমনীয় অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তাঁর প্রশাসনের অভিবাসনবিরোধী ও বহিষ্কার কার্যক্রম প্রয়োজনের তুলনায় বেশি কঠোর ছিল।তিনি বলেন, “এটি অতিরিক্ত কঠোর ছিল। আমার মনে হয়, হ্যাঁ, এটি হয়তো অতিরিক্ত কঠোর ছিল। শেষ পর্যন্ত এটি আমার ক্ষতি করেছে।”শুক্রবার সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়। এর কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ঘোষণা আসে। অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে জানানো হয়।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে দীর্ঘদিন ধরে কাজ করছেন—এমন অভিবাসীদের দেশটিতে থাকার সুযোগ দেওয়ার পক্ষে অবস্থান রয়েছে অনেক মার্কিন নাগরিকের। এ বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।কর্মক্ষেত্রে অভিবাসীদের অবদানের উদাহরণ তুলে ধরে ট্রাম্প বলেন, “আপনি যখন কোনো হোটেলে যান, সেখানে এমন একজন নারীকে দেখেন, যিনি পরিচ্ছন্নতাকর্মী, ঝাড়ুদার, ওয়েট্রেস কিংবা এ ধরনের নানা কাজ করছেন। তিনি অনেক ভালো কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। বিষয়টি কঠিন, সত্যিই কঠিন।”তবে অভিবাসীদের সবাইকে বহিষ্কারের পক্ষে থাকা একটি গোষ্ঠীর কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষায়, “তবে এমন একটি গোষ্ঠী আছে, যাদের আমি বলতে পারি কট্টর ডানপন্থি। তারা চায়, সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হোক।”তাঁর প্রশাসনও এমন মনোভাব পোষণ করে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, “এমন অনেক মানুষ আছেন।”এরপর প্রশাসনের ভেতরে তুলনামূলক নমনীয় অবস্থানের সমর্থকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আবার এমন লোকও আছেন, যারা তুলনামূলকভাবে নমনীয়। অর্থাৎ, খুনি, অপরাধী ও মাদক কারবারিদের বের করে দাও। কিন্তু যারা এখানে আছেন, যাদের কেউ কেউ ১০ বা ১৫ বছর ধরে বসবাস করছেন, তাদের জন্য সমঝোতার পথ খোঁজো।”ট্রাম্পের এসব বক্তব্য থেকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিতে কিছুটা নমনীয়তার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুর রাজনৈতিক প্রভাবের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।সূত্র: সিএনএন।

অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, স্বীকার করলেন ট্রাম্প